‘আনক্যানি: স্টেপ ইনটু ইয়োর ফিয়ার’ প্রতিপাদ্যে আয়োজনে থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ও দর্শকদের অংশগ্রহণমূলক পর্ব
ঢাকায় স্বাধীন চলচ্চিত্রপ্রেমীদের জন্য আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিল্ম ফিয়েস্তা টেক ০৬’। ‘আনক্যানি: স্টেপ ইনটু ইয়োর ফিয়ার!’ প্রতিপাদ্যে আয়োজিত এ চলচ্চিত্র প্রদর্শনীতে পরিচিত জগতের আড়ালে লুকিয়ে থাকা অস্বস্তি, ভয় ও মনস্তাত্ত্বিক রহস্যের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
ফিল্ম ফিয়েস্তা ও সিনে টোটেমের যৌথ আয়োজনে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে স্বাধীন ধারার নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি বিশেষ প্রদর্শনী ও দর্শকদের অংশগ্রহণমূলক পর্ব থাকবে। পরিচিত বিষয় কীভাবে অপরিচিত ও অস্বস্তিকর হয়ে উঠতে পারে, চলচ্চিত্র কীভাবে বাস্তবতা সম্পর্কে মানুষের ধারণাকে প্রশ্নের মুখে ফেলতে পারে এবং মানুষের অন্তর্নিহিত ভয় কীভাবে পর্দায় উঠে আসে—এসব বিষয় এবারের আয়োজনের কেন্দ্রে থাকবে।
স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাজ প্রদর্শন, নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং চলচ্চিত্র নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি করাই ফিল্ম ফিয়েস্তার অন্যতম লক্ষ্য। এ উদ্যোগের মাধ্যমে উদীয়মান নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দেশে বিকল্প ধারার চলচ্চিত্রচর্চাকে আরও বিস্তৃত করার চেষ্টা করা হচ্ছে।
আয়োজকেরা জানান, চলচ্চিত্র নির্মাতা, লেখক, শিক্ষার্থী, চলচ্চিত্রপ্রেমীসহ সৃজনশীল জগতের আগ্রহী ব্যক্তিরা এ আয়োজনে অংশ নিতে পারবেন।
ফিল্ম ফিয়েস্তা একটি স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনী প্ল্যাটফর্ম। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, নতুন নির্মাতাদের কাজ তুলে ধরা এবং চলচ্চিত্র ও দর্শকদের মধ্যে অর্থবহ সংযোগ তৈরির মাধ্যমে দেশের চলচ্চিত্র সংস্কৃতিকে সমৃদ্ধ করতে কাজ করছে প্ল্যাটফর্মটি।
আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে filmfiesta.org ওয়েবসাইটে।





