বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মায়েদের অদম্য লড়াই, ত্যাগ আর মাতৃত্বকে সম্মান জানাতে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স ফর ডিজএবিলিটি প্রফেশনালস-বিএনএডিপি। গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত গ্রীন সিড আর্লি লার্নিং সেন্টার প্রাঙ্গণে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মায়েদের এই অনন্য সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএডিপি-র প্রেসিডেন্ট ড. মো. মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা-মা এবং বিএনএডিপি-র সম্মানিত সদস্যবৃন্দ।
ব্যতিক্রমী ও আনন্দঘন এই আয়োজনের মূল আকর্ষণ ছিল মায়েদের জীবন-অভিজ্ঞতা বিনিময় পর্ব। সেখানে মায়েরা তাদের জীবনের নানা জোয়ার-ভাটা, সমাজের নানামুখী প্রতিবন্ধকতা এবং সন্তানদের বড় করে তোলার নেপথ্যে থাকা দীর্ঘ সংগ্রামের গল্প শোনান। মায়েদের মুখে সুখ-দুঃখের এই বাস্তব জীবনের গল্পগাথা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়, তৈরি হয় এক আবেগঘন পরিবেশের।

অনুষ্ঠানে মায়েদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বিএনএডিপি-র প্রেসিডেন্ট ড. মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, শত বাধা-বিপত্তি আসলেও আমাদের দমে গেলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে। বিশেষ শিশুদের এই মায়েরা একেকজন অপ্রতিরোধ্য যোদ্ধা। সন্তানকে গড়ে তুলতে তাদের যে আত্মত্যাগ, তা অতুলনীয়। তিনি এই লড়াকু মায়েদের প্রতি তাঁর গভীর ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের শেষাংশে বিশেষ শিশুর মায়েদের হাতে সম্মাননা সূচক উত্তরীয় এবং বিশেষ উপহার তুলে দেন ড. মো. মাহবুবুর রহমান। উপস্থিত মায়েরা এই আয়োজনের জন্য বিএনএডিপি-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।



