নিজস্ব প্রতিবেদক
৮ম NTRCA নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত মৌখিক পরীক্ষার কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন।
বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের শাহমানান হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ৮ম NTRCA নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ভাইভা প্রত্যাশী শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের ফলে দেশের শিক্ষা ব্যবস্থা গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নতি অর্জন করেছে। এর ধারাবাহিকতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)-এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহ-প্রধান নিয়োগে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ছিল। এসব অনিয়ম দূর করে মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী NTRCA-এর মাধ্যমে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়।
তারা বলেন, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে NTRCA-এর অধীনে প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২২ এপ্রিল ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় প্রায় ৫৩ হাজার প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) প্রণীত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন করা হয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পালন করে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিযোগ, ফল প্রকাশের পরও এখন পর্যন্ত মৌখিক পরীক্ষার কার্যক্রম শুরু হয়নি। এতে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাদের দাবি, সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুততম সময়ের মধ্যে ভাইভা গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।
সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।



