দিনাজপুরের বিরামপুরে তরুণ নেতৃত্বাধীন সামাজিক সংগঠন ওএবি ফাউন্ডেশন-এর উদ্যোগে ২৬ মে ২০২৬ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “বিরামপুর সাধারণ জ্ঞান অলিম্পিয়াড ২০২৬”।

শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এই অলিম্পিয়াডে বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২০১৮ সালে বিরামপুরে প্রতিষ্ঠিত ওএবি ফাউন্ডেশন বর্তমানে সারা বাংলাদেশে প্রায় ২৫০০+ ভলেন্টিয়ার নিয়ে শিক্ষা, যুব উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। উক্ত আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেছে ধরিত্রী রক্ষায় আমরা ধরা, সিথ্রিইআর ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং দ্য আর্থ।
বিরামপুর সরকারি কলেজে সকাল ০৯:৪৫ মিনিটে অলিম্পিয়াডের পরীক্ষা শুরু হয়ে সকাল ১০:১৫ মিনিটে শেষ হয়। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।পরীক্ষা শেষে শিক্ষার্থীদের জন্য “জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা” এবং “ক্যারিয়ার গাইডলাইন” বিষয়ে দুটি বিশেষ সেশন আয়োজন করা হয়। সেশন পরিচালনা করেন রাজশাহী ও রংপুর বিভাগের ইউনিসেফের চিফ তৌফিক আহমেদ, এমডি সোহেল রানা, প্রভাষক (ইংরেজি), সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর ও ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডার, রাকিবুল ইসলাম আলিক (৪৯তম বিসিএস সুপারিশপ্রাপ্ত) এবং রাকিব হোসেন, হেড অব ফাইন্যান্স, ওএবি ফাউন্ডেশন। পরবর্তীতে দুপুর ১২:৪৫ মিনিটে বিরামপুর সরকারি কলেজে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওএবি ফাউন্ডেশন-এর ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট আসাদুজ্জামান তুহিন-এর সঞ্চালনায় এবং বিরামপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল অদ্বৈত কুমার অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা. তানজিনা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুনর রশীদ, প্রধান শিক্ষক, দেবীপুর হাই স্কুল; তৌফিক আহমেদ; এমডি সোহেল রানা এবং রাকিবুল ইসলাম আলিক। বক্তারা ওএবি ফাউন্ডেশন-এর এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথিদের হাতে ওএবি ফাউন্ডেশন-এর সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের ফাউন্ডিং মেম্বার মিনহাজুল ইসলাম। পরিক্ষা পরিচালনা করেন চিরিরবন্দর আইডিয়াল স্কুলের বাংলা শিক্ষক আরমান আলী।
অলিম্পিয়াডে মোট ৬টি ক্যাটাগরিতে ১ম ও ২য় স্থান অর্জনকারী মোট ১২ জন শিক্ষার্থীকে মেডেল ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীকে পার্টিসিপেশন সার্টিফিকেট এবং পরিবেশবান্ধব ফলজ গাছ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ আয়োজন সফল করতে ওএবি ফাউন্ডেশন বিরামপুর টিমের প্রায় ৩০ জন ভলেন্টিয়ার নিরলসভাবে কাজ করেন। ওএবি ফাউন্ডেশন জানায়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞান, নেতৃত্ব, পরিবেশ সচেতনতা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে।



