৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। আগামী ১০ থেকে ২১ জুলাই চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ গণিত প্রতিযোগিতার আসর। এবারের আসরে অংশ নিতে ছয় সদস্যের বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন দলনেতা, উপদলনেতা ও একজন পর্যবেক্ষক।

বাংলাদেশ দলের সদস্যরা হলেন
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মনামী জামান, চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী, ঢাকা ইমপিরিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মারজুক রহমান, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন খান এবং রাজউক উত্তরা মডেল কলেজের এসএসসি পরীক্ষার্থী এম জামিউল হোসেন।
এ ছাড়া দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার। উপদলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক সমন্বয়ক অপূর্ব কুমার এবং পর্যবেক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সমন্বয়ক মো. বায়েজিদ ভূঁইয়া।
নির্বাচন প্রক্রিয়া
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন প্রক্রিয়ায় সারা দেশ থেকে অনলাইনে ৫১ হাজার ৫৩২ শিক্ষার্থী নিবন্ধন করে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনুষ্ঠিত হয় ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’। এরপর বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশের ১২টি শহরে আয়োজন করা হয় ‘আঞ্চলিক গণিত উৎসব’। আঞ্চলিক পর্যায়ে বিজয়ী ১ হাজার ২০০ শিক্ষার্থীকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয় জাতীয় গণিত উৎসব ২০২৬। জাতীয় উৎসব থেকে নির্বাচিত হয় ৮৭ জন শিক্ষার্থী। পরে সেরা ৪০ জনকে নিয়ে আয়োজন করা হয় জাতীয় গণিত ক্যাম্প। জাতীয় গণিত ক্যাম্প এবং আইএমও নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে ৬ সদস্যের বাংলাদেশ জাতীয় গণিত দল নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে নিয়মিত অংশ নিচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত আইএমওতে বাংলাদেশ অর্জন করেছে ১টি স্বর্ণপদক, ৭টি রৌপ্যপদক, ৪০টি ব্রোঞ্জপদক এবং ৪৭টি সম্মানসূচক স্বীকৃতি।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ আয়োজন পরিচালনা করছে।



