
ঢাকা: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং টেকসই দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বৈশ্বিক সমাধান খোঁজার লক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট (ICCDRM 2026)’। আগামী ৮ ও ৯ ডিসেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ’ (IDMVS) এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে বিশ্বব্যাপী চলমান গবেষণা, অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্কিং এবং কার্যকর কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার জন্য এটি একটি অন্যতম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আয়োজক কমিটির পক্ষ থেকে বিশ্বজুড়ে কর্মরত শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, মানবিক সহায়তাকর্মী, উন্নয়ন সহযোগী এবং শিক্ষার্থীদের এই সম্মেলনে অংশ নিতে এবং গবেষণাপত্র (অ্যাবস্ট্রাক্ট) জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি: সম্মেলনের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। গবেষক ও অংশগ্রহণকারীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ সময়সূচি ঘোষণা করা হয়েছে:
- অ্যাবস্ট্রাক্ট জমা শুরু: ২০ মে ২০২৬
- অ্যাবস্ট্রাক্ট জমার শেষ সময়: ১৫ আগস্ট ২০২৬
- অ্যাবস্ট্রাক্ট গ্রহণের নোটিফিকেশন: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নিবন্ধন (Registration) শুরু: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নিবন্ধনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬
- মূল সম্মেলন: ৮–৯ ডিসেম্বর ২০২৬
গবেষণাপত্রের মূল থিম বা বিষয়সমূহ: সম্মেলনে ওরাল (মৌখিক) এবং পোস্টার প্রেজেন্টেশনের জন্য নির্ধারিত ছয়টি মূল থিমের ওপর গবেষণাপত্র আহ্বান করা হয়েছে। বিষয়গুলো হলো: ১. দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং শাসনব্যবস্থা (Governance): নীতিমালা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং কমিউনিটি-ভিত্তিক ঝুঁকি হ্রাস। ২. জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন: অভিযোজন কৌশল, কম-কার্বন উন্নয়ন এবং জলবায়ু অর্থায়ন। ৩. আর্লি ওয়ার্নিং সিস্টেম ও আগাম পদক্ষেপ: পূর্বাভাস-ভিত্তিক অর্থায়ন, প্রযুক্তিগত সংহতকরণ এবং ঝুঁকি যোগাযোগ। ৪. নগর ঝুঁকি, অবকাঠামো এবং সহনশীলতা: নগর পরিকল্পনা, ভূমিকম্প প্রস্তুতি এবং অনানুষ্ঠানিক বসতির ঝুঁকি। ৫. পরিবেশ, ইকোসিস্টেম ও প্রকৃতি-ভিত্তিক সমাধান: উপকূলীয় ও সামুদ্রিক ইকোসিস্টেম ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ। ৬. মানবিক সাড়া, অন্তর্ভুক্তি ও সামাজিক মাত্রা: জরুরি প্রতিক্রিয়া, জলবায়ু-উদ্বাস্তু ও অভিবাসন, স্বাস্থ্য, শিক্ষা এবং জেন্ডার সমতা।
অ্যাবস্ট্রাক্ট জমা ও নিবন্ধনের নিয়মাবলি: আগ্রহী গবেষকদের আগামী ১৫ আগস্ট ২০২৬-এর মধ্যে ২৫০ থেকে ৩০০ শব্দের মধ্যে মৌলিক গবেষণার সংক্ষিপ্তসার (Abstract) নির্ধারিত লিংকের মাধ্যমে এমএস ওয়ার্ড বা পিডিএফ ফরম্যাটে জমা দিতে হবে। পূর্বে প্রকাশিত কোনো নিবন্ধ এই সম্মেলনে বিবেচ্য হবে না। অ্যাবস্ট্রাক্ট মূল্যায়নের পর ইমেইলের মাধ্যমে ফলাফল জানানো হবে।
সম্মেলনে অংশ নিতে সব বক্তা ও সাধারণ অংশগ্রহণকারীদের আগামী ১০ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক সাধারণ অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন ফি ১০০ মার্কিন ডলার এবং শিক্ষার্থীদের জন্য ৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, দেশীয় গবেষক ও পেশাজীবীদের জন্য ফি ২৫০০ টাকা এবং দেশীয় শিক্ষার্থীদের জন্য ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
দুই দিনব্যাপী এই আয়োজনে দেশ-বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞদের উপস্থিতিতে কি-নোট স্পিচ, প্লেনারি সেশন, টেকনিক্যাল সেশন এবং প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য দীর্ঘমেয়াদি অভিযোজন কৌশল প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



