ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রকৌশল ব্যাকগ্রাউন্ডের সংসদ সদস্যদের (এমপি) সংবর্ধনা দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। একই সঙ্গে গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার–২০২৬ পাওয়া প্রকৌশলী ড. মোহাম্মদ আব্দুল বাকীকেও সম্মাননা দেওয়া হয়েছে। আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বা ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা পাওয়া এমপিরা হলেন— নরসিংদী–৫ আসনের প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), মানিকগঞ্জ–২ আসনের প্রকৌশলী মঈনুল ইসলাম খান, সংরক্ষিত নারী আসনের এমপি প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া ও প্রকৌশলী মারদিয়া মমতাজ। অনুষ্ঠানে তাঁদের সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইইবি দেশের একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। এটি শুধু প্রকৌশলীদের পেশাগত মানোন্নয়নেই নয়, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
তিনি বলেন, দেশের উন্নয়নকে শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; এর সঙ্গে সততা, জবাবদিহি ও দূরদর্শী পরিকল্পনার বিষয়ও জড়িত। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, প্রকৌশলীরা দেশের উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর একটি বড় অংশ। বিভিন্ন সময়ে জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে তাঁদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দায়িত্বশীলতা, মেধা ও পেশাগত সততার ভিত্তিতে দেশের উন্নয়নে অবদান রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।



