প্রতিযোগিতার এই বিশ্বে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। সারাক্ষণ ছুটছে বিভিন্ন উৎপাদনশীল কাজে। দিন শেষে শরীর হচ্ছে ক্লান্ত । সকালে উঠে আবার ছুটছে একই কাজে। দিনের পর দিন এভাবে ছুটতে ছুটতে অনেকেই ক্লান্ত, অবসন্ন এবং পরিশ্রান্ত বোধ করেন। মানসিকভাবেও সুস্থ থাকতে পারেন না।

‘ইন্ডিয়া টিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেকে ভালো রাখতে ভারসাম্যপূর্ণ জীবনযাপন প্রয়োজন। এর জন্য সবসময় জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনার প্রয়োজন হয় না। এর পরিবর্তে, দৈনন্দিন জীবনে নিয়মিতভাবে ছোট ছোট অভ্যাস যোগ করলে তা ধীরে ধীরে মানসিক সুস্থতা এবং মন শান্ত রাখতে সাহায্য করে। চলুন জেনে নিই কী কী অভ্যাস আপনাকে ভালো থাকতে সাহায্য করে-
নোটিফিকেশনের পরিবর্তে শ্বাস-প্রশ্বাস দিয়ে দিন শুরু করুন
আজকের জীবনযাত্রার অন্যতম বড় পরিবর্তন হলো মানুষ কীভাবে তাদের ফোন দিয়ে দিন শুরু এবং শেষ করে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রোলিং এবং নোটিফিকেশন চেক করা একটি নতুন অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস আপনার মানসিক শান্তি অনেকটা নষ্ট করে দেয়। ভালো থাকতে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে ফোন হাতে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। ওই প্রতিবেদনে বলছে, সচেতনভাবে করা শ্বাস-প্রশ্বাসের ব্যায়োমে মন শান্ত হয়, মানসিক চাপ কমে এবং শরীর সতেজ শক্তিতে ভরে ওঠে। প্রতিদিন সকালে প্রথমেই এই অভ্যাস করুন দেখবেন ,পুরো দিনটাই অন্যরকম লাগছে।
ধ্যান মনকে প্রয়োজনীয় বিশ্রাম দেয়
মানুষ প্রায়ই শারীরিক স্বাস্থ্যের উপর বেশি মনোযোগ দেয়, কিন্তু মানসিক সুস্থতাকে অবহেলা করে। মস্তিষ্ককে প্রয়োজনীয় বিশ্রাম দেওয়ার জন্য ধ্যান অন্যতম সহজ এবং কার্যকর উপায়। এজন্য প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নীরবতা পালন শুরু করুন। চোখ বন্ধ করে শান্তভাবে বসে শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দিলে তা ধীরে ধীরে আবেগ শান্ত করতে এবং মনকে শিথিল করতে সাহায্য করতে পারে। নিয়মিত ধ্যান মানুষকে মানসিকভাবে ধীর হতে সাহায্য করে।



