Homeশোবিজ টুডে‘এমআর-নাইন’ সিক্যুয়েলে বাদ পড়ছেন এবিএম সুমন, নতুন ‘মাসুদ রানা’ নিয়ে আসিফ আকবরের...

‘এমআর-নাইন’ সিক্যুয়েলে বাদ পড়ছেন এবিএম সুমন, নতুন ‘মাসুদ রানা’ নিয়ে আসিফ আকবরের বড় চমক!

বাজেট আরও বিশাল; ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে হবে শুটিং; কান থেকে সরাসরি ‘টুডে টিভি বিডি’কে এক্সক্লুসিভ জানালেন হলিউড নির্মাতা আসিফ আকবর।

বিনোদন ডেস্ক | ১৮ মে ২০২৬
ঢালিউড ও হলিউডের যৌথ প্রযোজনার বহুল আলোচিত স্পাই-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘এমআর-৯’ (MR-9) নিয়ে আসতে চলেছে এক বিশাল ধামাকা। জেমস বন্ড কিংবা ব্যাটম্যানের মতো এবার খোদ ‘মাসুদ রানা’র চরিত্রেই আসছে বড় পরিবর্তন। ফ্র্যাঞ্চাইজিটির প্রথম কিস্তি ‘এমআর-৯: ডু অর ডাই’-এর নামভূমিকায় অভিনয় করা ঢালিউড তারকা এবিএম সুমন থাকছেন না এর পরবর্তী সিক্যুয়েলে। তাঁর পরিবর্তে সম্পূর্ণ নতুন এক অভিনেতাকে আন্তর্জাতিক এই সংস্করণে মাসুদ রানা হিসেবে পর্দায় আনা হচ্ছে।

ফ্রান্সের চলমান কান চলচ্চিত্র উৎসব ২০২৬ (Cannes) থেকে সরাসরি ‘টুডে টিভি বিডি’-কে এই এক্সক্লুসিভ ও বিস্ফোরক তথ্য নিশ্চিত করেছেন হলিউডের বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় নির্মাতা আসিফ আকবর।

বন্ড কিংবা ব্যাটম্যানের মতো বদলাচ্ছে ‘মাসুদ রানা’

জাজ মাল্টিমিডিয়া কর্তৃক দেশীয় প্রেক্ষাপটের জন্য নির্মিতব্য আসন্ন ঈদের ‘মাসুদ রানা’ চলচ্চিত্রটি থেকে এই প্রজেক্টটি সম্পূর্ণ আলাদা উল্লেখ করে আসিফ আকবর বলেন, “জাজ সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাকশনে ঈদের জন্য আলাদা মাসুদ রানা বানাচ্ছে। আর আমি কাজ করছি আন্তর্জাতিক ‘এমআর-৯’ সিরিজের আগামী বছরের সিক্যুয়েল নিয়ে। এই নতুন হলিউড সংস্করণে মাসুদ রানা চরিত্রে বদল আসছে। এবিএম সুমনের জায়গায় আমরা সম্পূর্ণ নতুন একজনকে কাস্ট করছি।”

cannes-এ ব্যস্ততার ফাঁকে তিনি আরও বলেন, “ঠিক যেভাবে সময়ের সাথে সাথে জেমস বন্ড বা ব্যাটম্যানের অভিনেতা বদলে যায়, এখানেও তাই হচ্ছে। নতুন যিনি আসছেন, তিনি দর্শকদের জন্য যেমন মস্ত বড় সারপ্রাইজ, তেমনি কাজী আনোয়ার হোসেনের মূল বইয়ের ‘মাসুদ রানা’র চরিত্রের সাথে তাঁর মিল থাকবে সবচেয়ে বেশি।”

দর্শকদের ফিডব্যাক ও ওটিটির সাফল্য

প্রথম কিস্তির ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে আরও নিখুঁত সিনেমা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই নির্মাতা বলেন:

​”নির্মাতা হিসেবে আমরা প্রতিটি কাজ থেকে শিখি এবং দর্শকদের জন্য আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। প্রথম কিস্তি মুক্তির পর আমাদের দর্শকেরা কিছু সংশোধনের কথা বলেছিলেন; পরবর্তী সংস্করণে আমি আমার সেরাটা দেবো যাতে বাংলাদেশের দর্শকদের আরও বেশি সন্তুষ্ট করতে পারি এবং ছবিটি যেন মূল বইয়ের আরও কাছাকাছি হয়।”

উল্লেখ্য, প্রথম কিস্তিটি আন্তর্জাতিক বাজারে এবং উত্তর আমেরিকায় ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়েছিল। বিশেষ করে গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু (Hulu), ডিসনি প্লাস (Disney+) এবং স্টারজ (Starz)-এ ছবিটি স্ট্রিমিং চার্টে বেশ ভালো সাড়া ফেলে।

ইউরোপ-আমেরিকায় শুটিং, বাজেট আরও বিশাল

আসিফ আকবর জানিয়েছেন, ‘এমআর-৯’-এর এই নতুন সিক্যুয়েলের ক্যানভাস ও বাজেট প্রথম ছবির চেয়েও অনেক বড় হতে যাচ্ছে। ২০২৭ সালের মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হতে যাওয়া এই স্পাই থ্রিলারের দৃশ্যধারণ করা হবে ইউরোপের বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য এবং আমেরিকার চোখধাঁধানো সব লোকেশনে। খুব শীঘ্রই নতুন মাসুদ রানার নাম আনুষ্ঠানিকভাবে বিশ্ববাজারে উন্মোচন করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular