৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের ছয় মাস অতিবাহিত হলেও এখনো চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়নি। এতে নিয়োগের অপেক্ষায় থাকা ১ হাজার ৮০৭ প্রার্থী উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। পুলিশ ভেরিফিকেশন বা প্রাক্-চাকরি জীবনবৃত্তান্ত যাচাইয়ের কাজে দীর্ঘ সময় লাগায় চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ পরীক্ষায় ১ হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করে। বিজ্ঞপ্তির ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে এই সুপারিশ করা হয়েছিল। ফলাফল প্রকাশের পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ ভেরিফিকেশন শেষ না হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নাম প্রকাশ না করার শর্তে একজন চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী বলেন, বিসিএসে উত্তীর্ণ হতে একজন চাকরিপ্রার্থীকে কঠোর পরিশ্রম করতে হয়। চূড়ান্ত ফল প্রকাশের পর অনেক প্রার্থী তাঁদের আগের চাকরি ছেড়ে দিয়েছেন। এখন গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় প্রার্থীরা অজানা আশঙ্কার মধ্যে দিন পার করছেন।
নাম প্রকাশ না করার শর্তে আরেক প্রার্থী জানান, দীর্ঘ প্রক্রিয়ার পর চূড়ান্ত তালিকায় নাম আসায় তাঁদের পরিবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু ভেরিফিকেশনে এত দীর্ঘ সময় লাগায় তাঁরা চরম অনিশ্চয়তায় ভুগছেন। নতুন সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানান তিনি।




সরকারের প্রতি আর্জি যেন দ্রুততম সময়ের মধ্যে ৪৫তম বিসিএস এ সুপারিশপ্রাপ্তদের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়।
রাষ্ট্রের এই অবহেলা কেন?