Homeটুডে স্পোর্টসপেট্রোবাংলার ১০ কোম্পানির অংশগ্রহণে আন্তঃকোম্পানি ফুটসাল টুর্নামেন্ট

পেট্রোবাংলার ১০ কোম্পানির অংশগ্রহণে আন্তঃকোম্পানি ফুটসাল টুর্নামেন্ট

পেট্রোবাংলার আওতাধীন বিভিন্ন কোম্পানির তরুণ কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ইন্টার-কোম্পানি ফ্রেন্ডলি ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’।
শনিবার রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের আয়োজন করে পেট্রো কোম্পানিজ ইয়ুথ অ্যাসোসিয়েশন (পিসিওয়াইএ)। পেট্রোবাংলার আওতাধীন ১৩টি কোম্পানির তরুণ কর্মকর্তাদের সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ১০টি কোম্পানির দল অংশ নেয়।
প্রতিযোগিতার ফাইনালে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আইইবির সম্মানী সহ-সাধারণ সম্পাদক (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিওয়াইএর সভাপতি প্রকৌশলী মীর মোবারক হোসেন।


এ সময় পেট্রোবাংলার আওতাধীন ১৩টি কোম্পানির অফিসার্স অ্যাসোসিয়েশন, ইয়ুথ অ্যাসোসিয়েশন ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়।
আয়োজকেরা জানান, তরুণ কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের বিকাশ এবং আন্তঃপ্রতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান আয়োজনে পিসিওয়াইএর সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রাফিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাহিন আমীর খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ জাকিরুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ তারেকসহ সংগঠনের অন্য সদস্যরা দায়িত্ব পালন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments