তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ও গণিতের জটিল সমীকরণ নিয়ে কাজ করার স্বপ্ন অনেক বাংলাদেশি শিক্ষার্থীর চোখেই থাকে। কিন্তু গবেষণার সঠিক দিকনির্দেশনা ও আন্তর্জাতিক মেন্টরশিপের অভাবে অনেকেরই সেই স্বপ্ন প্রাথমিক পর্যায়েই থমকে যায়। এই সীমাবদ্ধতা দূর করে দেশের তরুণ মেধার সঙ্গে বৈশ্বিক গবেষণার সেতু বন্ধন তৈরি করতে দ্বিতীয় বারের মতো এবছর শুরু হয়েছে ‘আইসিটিপি পিডব্লিউএফ: ফিজিক্স ফর বাংলাদেশ অনলাইন সামার ইন্টার্নশিপ ২০২৬’। ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স (আইসিটিপি) এবং ফিজিক্স উইদাউট ফ্রন্টিয়ার (পিডব্লিউএফ)-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই ইন্টার্নশিপের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সরাসরি গবেষণার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যা তাদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে।

ইন্টার্নশিপের তথ্য
সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি আগামী ২০ জুলাই ২০২৬ থেকে শুরু হয়ে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত টানা তিন মাস ধরে চলবে। এই সময়ে নির্বাচিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক স্তরের গবেষক ও মেন্টরদের তত্ত্বাবধানে নির্দিষ্ট কিছু শর্ট রিসার্চ প্রজেক্ট বা সংক্ষিপ্ত গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। এই প্রজেক্টগুলোর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের থিওরির মধ্যে সীমাবদ্ধ না রেখে সক্রিয় গবেষণার ধারাগুলোর সঙ্গে পরিচিত করা। এর মাধ্যমে তারা পরবর্তী সময়ে উচ্চতর গবেষণা বা পিএইচডির জন্য প্রয়োজনীয় মজবুত একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও দক্ষতা অর্জন করতে পারবেন। বিগত বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবারের ইন্টার্নশিপটিকেও সাজানো হয়েছে অত্যন্ত আকর্ষণীয় ও সময়োপযোগী কিছু গবেষণা ট্র্যাক নিয়ে।
আবেদনের সুযোগ
এই বৈশ্বিক আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাবেন শুধুমাত্র বাংলাদেশি শিক্ষার্থীরা। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে বর্তমানে ব্যাচেলর (স্নাতক) অথবা মাস্টার্স (স্নাতকোত্তর) প্রোগ্রামে অধ্যয়নরত হতে হবে। এছাড়া যারা সম্প্রতি স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, তারাও এই ইন্টার্নশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে আবেদনের অন্যতম প্রধান শর্ত হলো, মেন্টরদের নির্ধারিত গবেষণা বিষয়ের জন্য প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি বা ‘প্রিরেকুইজিট’ শিক্ষার্থীর থাকতে হবে। এবারের ইন্টার্নশিপে মূলত চারটি প্রধান ট্র্যাকে গবেষণার সুযোগ থাকছে—হাই এনার্জি ফিজিক্স, গ্র্যাভিটি অ্যান্ড ম্যাথমেটিক্যাল ফিজিক্স; অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি; কোয়ান্টাম ইনফরমেশন, কনডেন্সড ম্যাটার অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স এবং অ্যাপ্লাইড অ্যান্ড কম্পিউটেশনাল ফিজিক্স। এর মধ্যে হাই এনার্জি ফিজিক্স ট্র্যাকে কোয়ান্টাম ফিল্ড থিওরি, স্ট্রিং থিওরি, কনফরমাল ফিল্ড থিওরি ও অ্যালজেব্রিক কম্বিনেটোরিক্সের মতো অত্যন্ত উন্নত ও তাত্ত্বিক বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।
আবেদনের তথ্য
আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৮ জুন ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অনলাইনের একটি নির্দিষ্ট গুগল ফর্মের মাধ্যমে। আবেদন করার আগে শিক্ষার্থীদের মেন্টরদের তালিকা খুব ভালোভাবে পর্যালোচনা করে নিজেদের আগ্রহ ও একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রজেক্টগুলো বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন ফর্মে শিক্ষার্থীর একাডেমিক তথ্য, মেন্টর পছন্দ করার ক্রম (ন্যূনতম তিনজন মেন্টরকে র্যাংক বা ক্রমানুসারে সাজাতে হবে) এবং নির্বাচিত বিষয়ের প্রতি নিজের আগ্রহ ও মোটিভেশন স্পষ্ট করে লিখতে হবে। এর পাশাপাশি একটি সুবিন্যস্ত জীবনবৃত্তান্ত এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট আপলোড করতে হবে। আবেদনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র, যা সংশ্লিষ্ট শিক্ষক বা রেফারির মাধ্যমে ৩০ জুন ২০২৬-এর মধ্যেই আলাদা একটি ফর্মের সাহায্যে জমা দিতে হবে; অন্যথায় আবেদনটি অসম্পূর্ণ বলে গণ্য হতে পারে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের তথ্যের গোপনীয়তা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। জমাকৃত আবেদনপত্র এবং রেকমেন্ডেশন লেটারগুলো শুধুমাত্র সংশ্লিষ্ট মেন্টর এবং এই আয়োজনের মূল সমন্বয়ক নাবিল ইকবাল ও আহমেদ রাকিন কামাল পর্যালোচনা করবেন। আয়োজক আহমেদ রাকিন কামাল বলেন, “বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশ্বমানের গবেষকদের সাথে কাজ করার এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।”
ঘরে বসেই আন্তর্জাতিক মানের পদার্থবিজ্ঞান ও গণিতের গবেষণায় যুক্ত হওয়ার এই অনন্য সুযোগ বাংলাদেশের তরুণ বিজ্ঞানপ্রেমীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। আবেদনের বিস্তারিত নিয়মাবলি এবং মেন্টরদের তালিকা জানতে আগ্রহী শিক্ষার্থীরা অফিশিয়াল লিংকে (https://physicsforbangladesh.org/internships/2026-online-summer-internship/) ভিজিট করে নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারেন।



