
স্থানীয়দের উদ্দেশে সদ্য যোগদান করা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার স্থানীয় জনগণকে আইনসম্মত সব কার্যক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে পুলিশ প্রয়োজনীয় সহায়তা করবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় পাশে থাকবে। আপনারা সহযোগিতা করলে কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার।
এসপি মাসুদ আলম বলেন, জঙ্গল সলিমপুরের মানুষ কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই বসবাস করতে পারবেন। এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হবে না। পুলিশ আপনাদের নিরাপত্তা দেবে। জঙ্গল সলিমপুরে আপনারা আপনাদের মতো করে চলবেন ফিরবেন, ঘুরবেন। সবার মতো করে সবাই সবকিছু করবেন। সেই পরিবেশটাই আমরা বজায় রাখতে চায়। এখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ, পানিসহ নানা দুর্ভোগের কথা তুলে ধরেন। সন্ত্রাসী বাহিনী ও ভূমিদস্যদের তথ্য দেন।



