Homeটুডে নেশনঢাবির প্রো-ভিসি হিসেবে যোগ দিলেন অধ্যাপক আলমোজাদ্দেদী

ঢাবির প্রো-ভিসি হিসেবে যোগ দিলেন অধ্যাপক আলমোজাদ্দেদী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগ দিয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বৃহস্পতিবার বিকেলে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সদ্যবিদায়ী প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩ (১) অনুযায়ী তাঁকে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানে দল-মতের ঊর্ধ্বে উঠে একাডেমিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, বিগত প্রশাসনের কাজগুলোকে এগিয়ে নেওয়াই হবে মূল লক্ষ্য। আমি আপনাদেরই একজন। বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।

নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর দায়িত্ব গ্রহণের পর ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বা অন্য কোনো ধরনের উপহার দেওয়া থেকে বিরত থাকার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular