প্রযুক্তিবিশ্বের বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর কেবল তাত্ত্বিক কোনো বিষয় নয়, বরং তা আমাদের প্রাত্যহিক কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই রূপান্তর সামনে রেখে গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে নিজেদের তৈরি পরবর্তী প্রজন্মের জেনবুক ডুও, জেনবুক ১৪, জেনবুক এস ১৬ এবং ভিভোবুক ১৬ মডেলের এআই ল্যাপটপ উন্মোচন করেছে আসুস বাংলাদেশ।

‘অলওয়েজ ইনক্রেডিবল’ থিম নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আসুসের এশিয়া প্রশান্ত অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক পিটার চ্যাং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো ক্ষণস্থায়ী প্রবণতা বা বুদ্বুদ নয়, বরং এটি ইতিমধ্যেই পৃথিবীর সঙ্গে আমাদের মিথস্ক্রিয়ার ধরন বদলে দিয়েছে। আসুসের লক্ষ্য কেবল এআই সক্ষম প্রসেসর সমৃদ্ধ কম্পিউটার বিক্রি করা নয়, বরং ব্যবহারকারীরা যেন তাঁদের দৈনন্দিন জীবনে প্রকৃত এআই অভিজ্ঞতার মাধ্যমে কাজকে আরও সহজ ও কার্যকর করতে পারেন, তা নিশ্চিত করা। ভবিষ্যতের কম্পিউটিং–জগৎ সম্পূর্ণভাবে এআইয়ের ওপর নির্ভরশীল হবে এবং আসুস সেই পরিবর্তনের অগ্রভাগে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।



